গাজীপুরের কোনাবাড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

গাজীপুরের কোনাবাড়ীতে মোবাইলে প্রেমের সম্পর্কের পরে এক কিশোরীকে ডেকে এনে ধর্ষণের অভিযোগে সহযোগীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত খোকন বিশ্বাস ওরফে শান্ত (৩৭) রাজবাড়ীর পাংশা থানার ডেমনামারা গ্রামের মৃত্যু মোয়াজ্জেম বিশ্বাস মন্টুর মিয়ার ছেলে, নাজমুল ইসলাম আকন্দ (৩০) নেত্রকোনার কেন্দুয়া থানার মহেশপুর গ্রামের আবদুল ওয়াজেদ আকন্দের ছেলে ও খোকন আলী (৩৭) রাজশাহীর পুঠিয়া থানার বাড়াই পাড়া গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, খোকন বিশ্বাস ওরফে শান্তর সাথে মোবাইলে পরিচয় হয় ওই কিশোরীর। দুই মাসের পরিচয়েই দেখা করার কথা বলে জিএমপি কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি বাসায় ডেকে আনে। পরে তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে পালিয়ে যায়। ওই কিশোরী কোনাবাড়ি থানায় অভিযোগ দায়ের করলে রাতেই শান্ত ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে।

জিএমপি কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।