ন্যায্য অধিকার ছাড়া টেকসই শিল্পায়ন সম্ভব নয়: গাজীপুরে শ্রমিক সমাবেশে মাজহারুল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে দেশের শিল্পের টেকসই উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। শ্রমিকই শিল্পের মূল চালিকাশক্তি। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, চাকরির নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং সকল বৈধ দাবি বাস্তবায়নে সরকার, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ও কার্যকর উদ্যোগ নিতে হবে। শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় শ্রমিক শক্তি, গাজীপুর মহানগর শাখার উদ্যোগে ‘শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও শিল্প-জীবিকা রক্ষার দাবিতে’ আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি শিল্পখাত, আর সেই শিল্পখাত সচল রাখেন লাখো শ্রমিক। কিন্তু দুঃখজনকভাবে এখনও অনেক শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসা সুবিধা, আবাসন ও অন্যান্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত। একটি আধুনিক, উৎপাদনশীল ও মানবিক শিল্পব্যবস্থা গড়ে তুলতে হলে শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন ও তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। মাজহারুল ইসলাম ফকির আরও বলেন, শ্রমিকের অধিকার রক্ষা করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি দেশের অর্থনৈতিক উন্নয়নেরও পূর্বশর্ত। শ্রমিকদের ওপর বৈষম্য, অন্যায্য ছাঁটাই, হয়রানি কিংবা অধিকার হরণের মতো ঘটনা বন্ধ করতে হবে। মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে একটি সুস্থ শিল্পসম্পর্ক গড়ে উঠলে শিল্পখাতে উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।তিনি বলেন, জাতীয় শ্রমিক শক্তি সবসময় শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান রক্ষা এবং শিল্পে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় যেকোনো গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনে সংগঠনটি পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন। জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আরমান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমিক শক্তির  যুগ্ম মুখ্য সংগঠক ও নির্বাহী কাউন্সিল সদস্য অ্যাডভোকেট আলী নাসের খান এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম। বক্তারা বলেন, দেশের শিল্প ও শ্রমিক—দুই ক্ষেত্রই একে অপরের পরিপূরক। শিল্পকে টিকিয়ে রাখতে হলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কোনো বিকল্প নেই। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ, সময়মতো বেতন-ভাতা প্রদান, শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিকদের মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। সমাবেশে জাতীয় শ্রমিক শক্তি ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয়, মহানগর ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প-কারখানার শ্রমিক প্রতিনিধি এবং বিপুলসংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।