গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট: টাইব্রেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন

গাজীপুরে অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শিরোপা জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। শুক্রবার বিকেলে গাজীপুরের ঐতিহ্যবাহী শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত এক রুদ্ধশ্বাস ফাইনালে মানিকগঞ্জের ‘একরাম স্মৃতি ফুটবল একাডেমিকে’ টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। এর আগে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়েছিল।গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।হাজারো ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শুরু থেকেই ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আক্রমণ ও প্রতিআক্রমণে দুই দলই সমানতালে লড়াই করে। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ৩-২ গোলের জয় নিশ্চিত করে বিকেএসপির যুবারা। বিজয় নিশ্চিত হতেই উল্লাসে ফেটে পড়েন বিকেএসপির খেলোয়াড় ও সমর্থকরা।ফাইনালে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) হয়েছেন বিকেএসপির গোলরক্ষক মাহিন। অন্যদিকে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন একরাম স্মৃতি ফুটবল একাডেমির সুমন।টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, চ্যাম্পিয়ন বিকেএসপি দলকে ৩ লাখ টাকা এবং রানার্সআপ একরাম স্মৃতি ফুটবল একাডেমিকে ২ লাখ টাকা প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয়। এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার দেওয়া হয়।এর আগে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন, পুলিশ সুপার শরীফ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক মোধ: শাহরিয়ার নজির,   বিএনপি নেতা মীর হালিমুজ্জান মনী, আহমদ আলী রুশদি, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস প্রমুখ।দেশের বিভিন্ন জেলার ১৬টি শক্তিশালী দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে গ্যালারি ছাড়িয়ে মাঠের চারপাশও কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।আয়োজকরা জানান, “মাদককে না বলি, খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখেই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছিল। তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ, মানবিক ও ক্রীড়াবান্ধব সমাজ গঠন এবং নতুন প্রতিভা বিকাশই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।সংশ্লিষ্টদের মতে, সফল এই আয়োজন এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গাজীপুরের ক্রীড়াঙ্গনে নতুন এক প্রাণসঞ্চার করেছে।