টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় পর্যায়ে উন্নীত করা হবে— মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)-কে জাতীয় পর্যায়ের সেন্টারে উন্নীত করার ঘোষণা দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। একই সঙ্গে কেন্দ্রটিতে শিশুদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় এর ধারণক্ষমতা বৃদ্ধি, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং শিশুদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর কলেজগেট এলাকায় অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমানে শিশু উন্নয়ন কেন্দ্রটিতে আগের তুলনায় অনেক বেশি শিশু অবস্থান করছে। এ কারণে বিদ্যমান অবকাঠামো সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরকার কেন্দ্রটিকে জাতীয় পর্যায়ের সেন্টারে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে। এর পাশাপাশি শিশুদের নিরাপদ আবাসন, উন্নত শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, খেলাধুলা ও মানসিক বিকাশের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সরকার শিশুদের অধিকার রক্ষা ও পুনর্বাসনে অত্যন্ত আন্তরিক। সমাজের সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ এবং আইনসংস্পর্শে আসা শিশুদের একটি মানবিক পরিবেশে গড়ে তোলার লক্ষ্যে শিশু উন্নয়ন কেন্দ্রগুলোর সেবার মান উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। টঙ্গীর এই কেন্দ্রটিকেও সেই পরিকল্পনার আওতায় আরও আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। পরিদর্শনকালে মন্ত্রী নির্মাণাধীন নতুন ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। তিনি নির্মাণকাজের মানে সন্তোষ প্রকাশ করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেন। একই সঙ্গে শিশুদের জন্য  খাবারের মান, আবাসন ব্যবস্থা, চিকিৎসাসেবা, নিরাপত্তা ও দৈনন্দিন জীবনযাত্রার বিভিন্ন বিষয়ও পর্যবেক্ষণ করেন। খাদ্যের গুণগত মান ও সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি শিশুদের কল্যাণে কোনো ধরনের অবহেলা না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরে শিশু উন্নয়ন কেন্দ্রের সভাকক্ষে কেন্দ্রটির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো সম্প্রসারণ, সেবার মান বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ের সেন্টারে উন্নীতকরণের বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রী। সভায় কেন্দ্রটির দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা, শিশুদের পুনর্বাসন কার্যক্রম এবং আধুনিক সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, ঢাকা গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, সাভার গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওসমান গণী, গাজীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হেজবুল কবীর, গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)-এর তত্ত্বাবধায়ক ইমরান খানসহ মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় বক্তারা বলেন, শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় পর্যায়ের সেন্টারে উন্নীত করা হলে শুধু গাজীপুর নয়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিশুদের আরও উন্নত পরিবেশে পুনর্বাসন, শিক্ষা, প্রশিক্ষণ ও মানসিক বিকাশের সুযোগ সৃষ্টি হবে। সরকারের এ উদ্যোগ শিশুদের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।