ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা 'আস্থায় অবিচল' স্লোগানে রজতজয়ন্তী উদযাপন

গাজীপুর প্রতিনিধি: আস্থায় অবিচল'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উপলক্ষে গাজীপুরে আলোচনা সভার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।রবিবার (৫ জুলাই) বিকেলে জয়দেবপুর রেলগেট সংলগ্ন ব্র্যাক ব্যাংক গাজীপুর শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ব্র্যাক ব্যাংক গাজীপুর শাখার ব্যবস্থাপক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল প্রধান মো. ইকরাম হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাইন।অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্র্যাক ব্যাংক গাজীপুর শাখার কর্মকর্তা মোরশেদা আক্তার ও শারমিন আক্তার। পরে আয়োজিত আলোচনা সভায় ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টধারী গ্রাহক অংশ নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।বক্তারা বলেন, গত ২৫ বছরে ব্র্যাক ব্যাংক দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) অর্থায়ন, আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও গ্রাহকের আস্থা ও উন্নত সেবার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, দেশের ব্যাংকিং সুবিধাবঞ্চিত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) আর্থিক সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে স্যার ফজলে হাসান আবেদের উদ্যোগে ২০০১ সালের ৪ জুলাই ব্র্যাক ব্যাংকের যাত্রা শুরু হয়। প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা উদ্যোক্তাদের আর্থিক সহায়তা নিশ্চিত করার মাধ্যমে ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বর্তমানে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও দ্রুত বিকাশমান বাণিজ্যিক ব্যাংক হিসেবে সুপরিচিত।