নাশকতাকারীরা কোনভাবেই দেশপ্রেমিক হতে পারে না: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নানামুখী আন্দোলন-সংগ্রাম ও নাশকতার মাধ্যমে সরকারের পথযাত্রাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এরূপ নাশকতাকারীরা কোনোভাবেই দেশপ্রেমিক হতে পারে না।শুক্রবার বিকেলে চট্টগ্রামের লালখান বাজারে জামেয়াতুল উলুম মাদ্রাসা মাঠে ড. জামাল নজরুল ইসলামের স্মরণসভায় তিনি এসব কথা বলেন। মরহুম ড. জামাল নজরুল ইসলাম স্মৃতি সংসদ এ স্মরণসভার আয়োজন করে।ধর্ম উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রায় পাঁচ মাস অতিক্রান্ত হতে যাচ্ছে। এই সময়ে প্রতিমাসেই কোনো না কোনো নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। এসময়ে সচিবালয় ঘেরাও করা হয়েছে। এছাড়া সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো ও পাহাড়ি-বাঙালি সংঘাত উস্কে দেয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। কিন্তু সরকার সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যাচ্ছে। এ সরকারের ব্যর্থ হওয়ার কোন আশঙ্কা নেই। এই সরকার ব্যর্থ হলে অমানিশা নেমে আসবে। তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।নাশকতাকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, নাশকতাকারীদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ড. জামাল নজরুল ইসলামের স্মৃতিচারণ করে উপদেষ্টা বলেন, তিনি অত্যন্ত সজ্জন, বিনয়ী ও সরল প্রকৃতির মানুষ ছিলেন। মাদরাসার প্রতিও তার গভীর অনুরাগ ছিলো। তিনি এই জামেয়াতুল উলুম লালখান বাজার মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য ৩০ বিঘা জমি দান করে গেছেন। তার এ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।